বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ০৮:১৩:২১ অপরাহ্ন

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বিএমবিএফের সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিএমবিএফ সিলেট বিভাগীয় সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন সংগঠনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার।

এতে বক্তব্য দেন বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও জাতীয় সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক আলহাজ মনসুর আহমদ লস্কর, সহসভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, মো. মোছলেহ উদ্দিন ও মীর্জা রেজওয়ান বেগ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. সাজ্জাদুর রহমান ও মো. খালেদ মিয়া, মহিলা সম্পাদিকা শিরিন চৌধুরী, শিশু-কিশোর সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মোছাম্মৎ রুনা সুলতানা, সালিশবিষয়ক সম্পাদক মো. শফিকুর রহমান, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক সায়েম আহমদ, সিলেট বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, সাহেদা বেগম ও জাওয়ারুন্নেসাসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় নতুন প্রজন্মকে সচেতন করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিশু-কিশোরদের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করতে এ ধরনের সৃজনশীল আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুরা নিজেদের চিন্তা, কল্পনা ও মানবিক অনুভূতি প্রকাশের সুযোগ পায়।

তারা আরও বলেন, মানবাধিকার শুধু একটি দিবস পালনের বিষয় নয়; বরং এটি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত একটি মৌলিক অধিকার। সমাজের প্রতিটি স্তরে মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিশুদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোররা বিভিন্ন বিষয়ভিত্তিক ছবি এঁকে নিজেদের সৃজনশীল প্রতিভার প্রকাশ ঘটায়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়।

আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: