কুলাউড়ায় বন্যার পানি বাড়ছেই-প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, ভীড় বাড়ছে আশ্রয়কেন্দ্রে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

কুলাউড়ায় বন্যার পানি বাড়ছেই-প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, ভীড় বাড়ছে আশ্রয়কেন্দ্রে

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৬/২০২৪ ১১:৫৫:৩২ পূর্বাহ্ন

কুলাউড়ায় বন্যার পানি বাড়ছেই-প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, ভীড় বাড়ছে আশ্রয়কেন্দ্রে

ছবি: নিজস্ব


গত কয়েকদিনের ভারী বর্ষণে, উজানের পাহাড়ি ঢল ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হঠাৎ করে মৌলভীবাজারের কুলাউড়া  উপজেলার  পৌর শহরের কয়েকটি এলাকাসহ ৩ টি ইউনিয়ন প্লাবিত হয়েছে।

এতে ওই  উপজেলার কয়েকটি গ্রামের প্রায় ১০ হাজার  লোক পানিবন্দি হয়ে পড়েছেন।  এ ছাড়াও নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে অনেকের ঘরে পানি উঠায় আশ্রয়কেন্দ্রের দিকে ছুঁটছেন। পানিবন্দি মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে খোলা হচ্ছে আশ্রয়কেন্দ্র।  এছাড়া পশু কোরবানি দিতে গিয়েও চরম বিড়ম্বনায় পড়েন মানুষ। বাড়িঘরে পানি প্রবেশ করায় আশ্রয়কেন্দ্রে  বন্যা কবলিত এলাকার লোকজনের ভীড় বাড়ছে।  বন্যা আতঙ্কে নির্মুঘ রাত পার করছেন হাজার হাজার মানুষ। 

জানা যায়, ঈদুল আযহার দিন ভোর থেকেই টানা বৃষ্টিপাত হয় এতে করে উপজেলার নিম্নাঞ্চলের রাস্তা ঘাট প্লাবিত হয়ে বন্যার কারণে মানুষ ভোগান্তিতে পড়েছেন।

টানা বৃষ্টিপাতে সোমবার রাতে প্লাবিত হয়ে যায় কুলাউড়া উপজেলা পরিষদ এলাকা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মঙ্গলবার সারাদিন বৃষ্টিপাত হওয়ায় পর পৌর শহরের মাগুরা, সাদেকপুর, বিহালা, সোনাপুর, কাদিপুর ইউনিয়নের ছকাপন, মৈন্তাম, ভাগমতপুর, গুপ্তগ্রাম, তিলকপুর, ভূকশিমইল ইউনিয়নের সাদিপুর, কুরবানপুর, মুক্তাজিপুর, জাবদা, কালেশার, কাইরচক, চিলারকান্দি, কানেহাত, জয়চন্ডী ইউনিয়নের ঘাঘটিয়া, মিরবক্সপুর, কামারকান্দি, কুঠাগাঁও, কুলাউড়া সদর ইউনিয়নের দেখিয়ারপুর, কুলাউড়া গ্রাম, বনগাঁও, গাজিপুর আংশিক, পুরন্দপুরসহ বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিয়নে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানও প্লাবিত হয়। 

এদিকে পানিবন্দি মানুষদের খোঁজখবর নিতে হাকালুকি হাওর তীরবর্তী ভূকশিমইল ইউনিয়নের বিভিন্ন এলাকাসহ পৌর এলাকার আশ্রয়কেন্দ্র গুলি পরিদর্শন করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। পানি বৃদ্ধির ফলে বন্যাক্রান্ত এলাকাসমূহে সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে কুলাউড়া উপজেলায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ভুক্তভোগী মানুষ আশ্রয় নিয়েছে। 

কুলাউড়ার রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে থাকা কাদিপুর ইউনিয়নের মৈন্তাম গ্রামের আক্কাস আলী (৪৫) বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় আমার ঘরের ভেতর হাঁটুপানি। একটু পানি বাড়লেই বিছানায় পানি উঠবে। তাই পরিবারের সদস্যদের নিয়ে ঈদের দিন বিকেলে আশ্রয়কেন্দ্রে উঠেছি। কখনো কল্পনাও করিনি এইভাবে নিজের বাড়ি ছাড়া হয়ে ঈদ করবো। এখানে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এম আতিকুর রহমান আখইকে শুকনো খাবার বিতরণ করতে দেখা দেখা গেছে।

ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির বলেন, হাকালুকি হাওরের পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আমার ইউনিয়নের ২২টি গ্রামই প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষের জন্য ইউনিয়নের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ৭০টি পরিবার আশ্রয় নিয়েছে। শহরের সাথে প্রধান সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে। প্রশাসনের নির্দেশনা পেয়ে সরকারের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করছি। 

কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান বলেন, পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আমার ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষের জন্য ইউনিয়নের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ৬টি আশ্রয়কেন্দ্র মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪০টি পরিবার আশ্রয় নিয়েছে। 

কুলাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী বলেন, কুলাউড়ায় এখন পর্যন্ত ১৯টি আশ্রয়কেন্দ্রে খোলা হয়েছে। মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ১২৭টি পরিবার আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা  হচ্ছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। 

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, বন্যাকবলিত উপজেলার ইউএনওদের সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি এবং আশ্রয়কেন্দ্র সমূহে প্রয়োজনীয় ঔষধসহ খাবার ও পানীর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আরও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আমরা সব ধরণের প্রস্তুতি নিয়েছি। 


জৈন্তা বার্তা / মহিউদ্দিন / টিটু



শীর্ষ সংবাদ: