ছবি:সংগৃহীত
সিলেটের গ্রিন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমির এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনে তাকে শুভেচ্ছা ও উপহার দিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে নগরের দক্ষিণ সুরমার আলমপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জিডিএফের মহাসচিব বায়জিদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় বিভাগীয় কমিশনার কৃতী শিক্ষার্থী মৌমিকে উপহার দিয়ে অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে মৌমির জিপিএ-৫ অর্জন অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। চোখে দৃষ্টিশক্তি না থাকলেও স্বপ্ন দেখার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই—মৌমি তার উজ্জ্বল দৃষ্টান্ত। অদম্য ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে সব প্রতিকূলতা পেছনে ফেলে তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, জিডিএফ পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য সরকারের পক্ষ থেকে বিদ্যমান সুযোগ-সুবিধা অব্যাহত রাখার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। মৌমির সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে অন্য প্রতিবন্ধী শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিদ্যালয়টি পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।
এ সময় জিডিএফের নেতৃবৃন্দ বিদ্যালয়ের দীর্ঘমেয়াদি ও স্থায়ী উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত জায়গা স্থায়ীভাবে প্রতিষ্ঠানের নামে নিশ্চিত করা এবং সেখানে একটি আধুনিক ভবন নির্মাণের দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে আবেদনপত্র জমা দেন। আবেদন গ্রহণ করে বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বিভাগীয় কমিশনার।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জিডিএফের নির্বাহী পরিচালক সৈয়দ মাহমুদুল হক, সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি এবং কৃতী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি।
এ সময় জিডিএফের মহাসচিব বায়জিদ খান বিভাগীয় কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মৌমির মতো আরও অনেক মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত জায়গা স্থায়ী করা, আধুনিক ভবন নির্মাণসহ সার্বিক উন্নয়নে সরকারের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে তিনি বিভাগীয় কমিশনারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




