সিলেটে অনুমোদনহীন ভবন নির্মাণে ছাড় নয়- সিউক চেয়ারম্যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

কঠোর ব্যবস্থা নেবে সিউক

সিলেটে অনুমোদনহীন ভবন নির্মাণে ছাড় নয়- সিউক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১১/২০২৬ ১১:২৫:৫১ অপরাহ্ন

সিলেটে অনুমোদনহীন ভবন নির্মাণে ছাড় নয়- সিউক চেয়ারম্যান

ছবি:সংগৃহীত


সিলেট নগরে অনুমোদিত নকশা ও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগে সংশ্লিষ্ট ভবনমালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

বুধবার (১১ নভেম্বর) নগরের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন। সিউকের নিয়মিত তদারকির অংশ হিসেবে টানা তৃতীয় দিনের মতো ভবন নির্মাণকাজ পরিদর্শনে বের হন তিনি।

পরিদর্শনকালে নকশা ও অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের বিষয়টি নজরে এসেছে উল্লেখ করে সিউক চেয়ারম্যান বলেন, এ ধরনের নির্মাণকাজ সিউক আইন ও ইমারত নির্মাণ বিধিমালার পরিপন্থি। সংশ্লিষ্ট ভবনমালিকদের সতর্ক করা হয়েছে। এরপরও আইন অমান্য করে নির্মাণকাজ চালিয়ে গেলে জরিমানা, নির্মাণকাজ বন্ধসহ বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সিউকের কর্মকর্তাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া কিংবা জরিমানা করা নয়। বরং নগরীতে সবাই যেন আইন মেনে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করেন, তা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

অতীতে নির্মাণকাজে যেসব অনিয়ম হয়েছে কিংবা অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটানো হয়েছে, সেগুলো সংশোধন করে অনুমোদিত নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

রেজাউল হাসান কয়েস লোদী আরও বলেন, নকশার বাইরে ভবন নির্মাণ করে পরবর্তী সময়ে আইনি জটিলতায় পড়ার চেয়ে শুরু থেকেই অনুমোদিত নকশা অনুসরণ করা ভালো। এতে ভবনমালিকেরা অনাকাঙ্ক্ষিত হয়রানি ও আইনি জটিলতা এড়িয়ে নিরাপদে বসবাস করতে পারবেন। ভবন নির্মাণে কোনো ধরনের আইনগত বা নকশাগত জটিলতা রাখা উচিত নয়। সিউকের এ উদ্যোগে নগরবাসী ইতিবাচক সাড়া দেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: