নিজস্ব প্রতিনিধি
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় চোরাচালান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৪০ বস্তা ভারতীয় চিনি সহ ট্রাক আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় ২৪শে আগষ্ট সকাল ৯ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের সঙ্গিয় ফোর্স নিয়ে জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নে অন্তর্ভুক্ত দলইপাড়া এলাকায় অবস্থান নেন।
এসময় স্হানীয় ইউ পি সদস্য রফিকুল ইসলামের পোল্ট্রি খামারের সামনে ইট সলিংয়ের রাস্তায় একটি হাইড্রলিক ড্রামট্রাক হতে ৪০ বস্তা (১৮০০ কেজি) ভারতীয় চিনি আটক করা হয়। পুলিশের অবস্থান টের পেয়ে চিনির সাথে থাকা চোরাকারবারি ও চালক পালিয়ে যায়।
এদিকে উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে সারোয়ার জসিম (৩০) নামে এবং অজ্ঞাতনামা অপর এক ব্যাক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সারোয়ার জৈন্তাপুর উপজেলার কহাইগড়ের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।বর্তমানে সে পলাতক রয়েছে।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ওমর ফারুক ৪০ বস্তা ভারতীয় চিনি সহ ড্রামট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করে দৈনিক জৈন্তা বার্তা'কে বলেন, এ বিষয়ের নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তা তদন্তাধীন।এছাড়াও পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।
এম. এইচ. এ




