ছবি:সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানা, স্বেচ্ছাসেবী সংস্থা ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন ধরনের সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের কল্যাণে বর্তমান সরকার ধারাবাহিকভাবে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। আগে জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা হিসেবে সরকার ৫০ হাজার টাকা প্রদান করলেও বর্তমানে সেই অনুদানের পরিমাণ বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। এছাড়া পথশিশুদের জন্য বিশেষ বরাদ্দ বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও ঘোষণা দেন, খুব শিগগিরই গোলাপগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে, যার মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলো সরকারি বিভিন্ন সুবিধা সহজে গ্রহণ করতে পারবে।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বহরগ্রাম মাদ্রাসার শিক্ষক উবায়দুল্লাহ জামী।
অনুষ্ঠানে ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানার অনুদানের চেক, স্বেচ্ছাসেবী সংস্থার অনুদানের চেক, সুবর্ণ নাগরিক কার্ড এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, ছালিক আহমদ চৌধুরী ও বদরুল আলম; জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী; গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ; ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু; লন্ডন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কিবরীয়া ইসলাম; লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান এবং বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন।
এছাড়া বক্তব্য দেন আমেরিকা প্রবাসী মঞ্জুর আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক এবাদুর রহমান এবাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামিল চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম খোকন, জেলা যুবদলের মৎস্যবিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহনুর আহমদ এবং পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ।
এতিমখানার পক্ষে বক্তব্য দেন ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা রজব আলী ও আবুল হাসনাত।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে অনুদানের চেক, সুবর্ণ নাগরিক কার্ড এবং হুইলচেয়ার বিতরণ করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




