প্রাইম লাইফের শেয়ারের দাম বেড়েছে ৩০ শতাংশ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৫ PM

প্রাইম লাইফের শেয়ারের দাম বেড়েছে ৩০ শতাংশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ১১:৫৭:০৩ AM

প্রাইম লাইফের শেয়ারের দাম বেড়েছে ৩০ শতাংশ

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স


১৫ কার্যদিবসে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দাম বেড়েছে ৩০ শতাংশ। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

এজন্য সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দাম বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানাতে ডিএসই থেকে নোটিশ পাঠানো হয়। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে এবং লেনদেন বেড়েছে তার জন্য কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২২ মে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৫৭ টাকা ৯০ পয়সা। সেখান থেকে বাড়তে বাড়তে প্রতিটি শেয়ার দাম ৭৪ টাকা ৭০ পয়সা উঠেছে। এমন দাম বাড়ার প্রেক্ষিতে ডিএসই থেকে সতর্ক বার্তা আসলো।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০২২ সালের সমাপ্ত বছরের লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত কোম্পানিটির কর্তৃপক্ষ এখনো জানায়নি।

৩০ কোটি ৫২ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৫ লাখ ২০ হাজার ২৩০টি। এর মধ্যে ৩৪ দশমিক ৮ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ২৪ দশমিক ২৯ শতাংশ। আর ৪১ দশমিক ৫৭ শতাংশ আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং দশমিক শূন্য ৬ শতাংশ আছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে।

জৈন্তাবার্তা/এমকে