ছবি:সংগৃহীত
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইইউবি) যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে নগরীর শেখঘাটস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির। এ সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ শামসুল কবির। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ এবং বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান জিলুন নাহার চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)। সিপাহি-জনতার সেই ঐতিহাসিক অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্রীয় ও রাজনৈতিক ক্ষেত্রে নতুন ধারায় অগ্রসর হয়। বক্তারা দিনটিকে বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
তাঁরা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী বীর সিপাহি ও সাধারণ মানুষকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




