ছবি: নিজস্ব
দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ২টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলা, শ্রীমঙ্গল শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক নেতারা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মোহাম্মদ মহসিন মিয়া মধু। তিনি বলেন, “সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে বারবার মিথ্যা মামলা করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
এ সময় বক্তারা বলেন, দেশের স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণে আনতে যে অপচেষ্টা চলছে, তা সফল হবে না।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও আমার দেশ পত্রিকার পাঠক-সমর্থকেরা।
পাঠকমেলা নেতৃবৃন্দ জানান, তারা ভবিষ্যতেও এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং ন্যায়ের পক্ষে লড়াই অব্যাহত রাখবে।
জৈন্তাবার্তা / রহমান




