জগন্নাথপুরে ব্যবসায়ী হ/ত্যা মা/মলার প্রধান আ/সামি কুলাউড়া থেকে গ্রে/প্তার
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

জগন্নাথপুরে ব্যবসায়ী হ/ত্যা মা/মলার প্রধান আ/সামি কুলাউড়া থেকে গ্রে/প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ০৫:৪৯:৩৬ অপরাহ্ন

জগন্নাথপুরে ব্যবসায়ী হ/ত্যা মা/মলার প্রধান আ/সামি কুলাউড়া থেকে গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে বিরোধের জেরে ব্যবসায়ী নাজিম উদ্দিন (৪৮) হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মাছুম মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে মৌলভীবাজারের কুলাউড়া থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার মাছুম মিয়া জগন্নাথপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লুদরপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর লুদরপুর লম্বাহাটি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ব্যবসায়ী নাজিম উদ্দিনের বোন মরিয়ম বেগমের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের আগে নাজিম নিজে সরাসরি দাওয়াত না দিয়ে তাঁর বোনদের মাধ্যমে প্রতিবেশী মৃত মাসুক মিয়ার ছেলেদের দাওয়াত পাঠান। সরাসরি দাওয়াত না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁরা বিয়েতে অংশ নেননি বলে জানা গেছে।

এ নিয়ে বিরোধের জেরে পরদিন সকালে অভিযুক্ত ব্যক্তিরা নাজিমের পরিবারের সদস্যদের বসতঘরে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। ওই সময় নাজিম তাঁর মুদি দোকানে ছিলেন। একপর্যায়ে মাছুম, মামুন, মঞ্জু ও মুবিনসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলার সময় মামুন সুলফি দিয়ে আঘাত করলে নাজিম মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা তাঁর বুকের ওপর উঠে নির্যাতন করেন এবং লাঠি দিয়ে মারধর করেন। এরপর তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা নাজিমকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গত ২০ অক্টোবর জগন্নাথপুর থানায় হত্যা মামলা করা হয়। মামলাটির নম্বর ১০, জিআর নম্বর ১৭৯। দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩০২/১১৪/৫০৬/৩৪ ধারায় দায়ের করা এ মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় কুলাউড়ায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মাছুম মিয়াকে গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন বলেন, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। এ হত্যা মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ