সংগৃহীত
শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি ও ভবানিবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। রোববার (১৮ অক্টোবর) সকালে তিনি পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজারে পৌঁছান ভারতের সহকারী হাইকমিশনার। শ্রীমঙ্গলে যাওয়ার আগে তিনি রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচগাঁও দুর্গামন্দির পরিদর্শন করেন। পরে শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি ও ভবানিবাড়ি পূজামণ্ডপে যান।
পরিদর্শনকালে পূজামণ্ডপের আয়োজন, পূজার সার্বিক পরিবেশ ও উৎসবের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতারা তাঁকে স্বাগত জানান।
শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি পরিদর্শন শেষে অনিরুদ্ধ দাস বলেন, এই মন্দিরের পূজা সম্পর্কে তিনি অনেক শুনেছেন। এখানে আসতে পেরে তিনি আনন্দিত। সবাই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পূজা উদ্যাপন করতে পারছেন-এটাই আনন্দের বিষয়।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি বাড়ছে। উৎসব নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




