মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ১২:৩৯:৪৮ অপরাহ্ন

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়

ছবি : সংগৃহীত


আবারও লিওনেল মেসির ট্রেডমার্ক সোলো গোলের ঝলক! তার দুর্দান্ত নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে সহজ জয় এনে দেন এই আর্জেন্টাইন মহাতারকা। এই জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকায় ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে থাকা মায়ামি প্লে-অফে নিজেদের জায়গা আরো শক্ত করল।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৪৫তম মিনিটে মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বার্টারেমের গোলে প্রথমে এগিয়ে যায় মায়ামি। তবে আসল নাটকের সূচনা হয় বিরতির পর। ৫৬তম মিনিটে ডান প্রান্ত থেকে ড্রাইভ করে ডি-বক্সের সামনে বার্টারেমের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডিফেন্ডারকে নাচিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন মেসি।

ঠিক চার মিনিট পর লুইস সুয়ারেজের বাড়ানো পাস ধরে একক প্রচেষ্টায় আটলান্টার গোলরক্ষক লুকাস হোয়োসকে পরাস্ত করে দ্বিতীয় গোলটি করেন ৮ বারের ব্যালন ডি’অর বিজয়ী তারকা। শেষ দিকে মায়ামির সাবেক ফরোয়ার্ড ফাভা পিকল্ট পেনাল্টি থেকে আটলান্টার হয়ে একটি সান্ত্বনা সূচক গোল শোধ করেন।

জোড়া গোলের পর চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে, যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে ৬ গোলের ব্যবধানে শীর্ষে রেখেছে। এছাড়া বার্টারেমের প্রথম গোলে সহায়তায় অবদান রাখায় লিগে যৌথভাবে সর্বোচ্চ ১৫টি অ্যাসিস্টের মালিকও তিনি।

এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার রেকর্ড গড়লেন মেসি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১৩ ম্যাচে গোলের অবদান রেখে ক্যারিয়ারের দ্বিতীয় দীর্ঘতম ধারাবাহিকতার রেকর্ডও স্পর্শ করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা।

এদিকে নতুন কোচ ক্রিশ্চিয়ান ‘কিলি’ গনজালেসের অধীনে টানা তিন ম্যাচে জয় পেল মায়ামি। অন্যদিকে মায়ামি ও আর্জেন্টিনার সাবেক কোচ জেরার্ডো ‘টাটা’ মার্তিনোর অধীনে থাকা আটলান্টা পয়েন্ট তালিকার ১৪ নম্বর স্থানে নেমে গিয়ে প্লে-অফের দৌড় থেকে পিছিয়ে পড়েছে। আগামী শনিবার নিউ ইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

জৈন্তাবার্তা/আরআর