ছবি:সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) রাত ৮টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি নগরীর টিলাগড় পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টিলাগড় পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, জাসাস, মৎস্যজীবী দল, শহিদ জিয়া স্মৃতি সংসদ ও শহিদ ওয়াসিম ব্রিগেডের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং শহীদ জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সিলেট জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে এবং শহিদ জিয়া স্মৃতি সংসদ শাহপরাণ থানা শাখার আহ্বায়ক মাহবুব হোসেন মিলনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা মেনে নেওয়া হবে না। তারা অভিযোগ করেন, একটি মহল চোরাগোপ্তা হামলা ও ঝটিকা কর্মসূচির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছে।
তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।
সমাবেশ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ও জেলা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




