ছবি:সংগৃহীত
দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। সংগঠনকে সুসংগঠিত ও কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আয়োজিত পরিচিতি সভায় বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
রোববার (২৮ জুন) বিকেল ৪টায় নগরীর লামাবাজার এলাকার একটি হোটেলের হলরুমে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর জুলাই যোদ্ধা কমিটির আহ্বায়ক আব্দুল সালাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সমন্বয়কবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জুলাই যোদ্ধা কমিটির সমন্বয়ক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফছর খান, মহানগর ছাত্রদলের সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।
সভায় আব্দুল সালাম টিপু বলেন, ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে দেশ একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়েছে। এই অর্জন ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ‘আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য হবে দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রম প্রতিহত করা। দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।’
তিনি আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হাসান সাগর, যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, মাহবুব হোসেন, খান মোহাম্মদ সামি, সুজন আহমদ, ফজলু মিয়া, মুস্তাকিম, সদস্য সচিব মাহমুদুল হাসান সাগর, আসাদুজ্জামান, সুমন রায়সহ অনেকে।
উল্লেখ্য, গত ২০ জুন ২০২৬ তারিখে ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মো. আল মিরাজ সিলেট মহানগর শাখার কমিটির অনুমোদন দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




