ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজার এলাকাবাসীর উদ্যোগে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ছৈদলবাজারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতির বাস্তবায়ন চলমান রয়েছে। ইনশাআল্লাহ কুলাউড়ার সার্বিক উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
তিনি দাবি করেন, গত চার মাসে কুলাউড়ায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, অতীতে কোনো সংসদ সদস্যের সময় এত ব্যাপক উন্নয়ন হয়নি। স্থানীয় জনগণের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তিনি মনোযোগ দিয়ে শুনেছেন উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বক্তব্যের একপর্যায়ে এমপি শওকতুল ইসলাম রাজনৈতিক প্রসঙ্গ তুলে এনসিপির নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর সমালোচনা করেন। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে তিনি নাসির উদ্দীন পাটওয়ারীকে ‘বাটপার’ বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ, সাধারণ সম্পাদক আহমদুর রহমান খান মুরাদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, বিএনপি নেতা ফারুক আহমদ, কানাইটিকর পঞ্চায়েত কমিটির সভাপতি এমাদ উদ্দিন বাহার, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি হাসমত উল্লাহ, সৈয়দ মুশারফ হোসেন, আপ্তাব উদ্দিন, হাসান আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




