ছবি:সংগৃহীত
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায় জীবন বাজি রেখে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। কারাগারে থাকাকালে নানা নির্যাতনের শিকার হয়ে তিনি তিলে তিলে অসুস্থ হয়ে পড়েন।
শনিবার (১৫ আগস্ট) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশের ক্রান্তিলগ্নে দলের হাল ধরে একজন গৃহবধূ থেকে বেগম খালেদা জিয়া সরকারপ্রধান হয়েছেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জনগণের দাবি আদায়ে তাঁর আপোষহীন ভূমিকার কারণে তিনি ‘আপোষহীন নেত্রী’ হিসেবে খেতাব অর্জন করেন। পরবর্তীতে জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি সফলভাবে সরকার পরিচালনা করেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। নারী জাতির অগ্রযাত্রায় তিনি অগ্রজের ভূমিকা পালন করেছেন। আজকের তরুণ প্রজন্মের কাছে তাঁর সংগ্রাম ও আদর্শ তুলে ধরা আমাদের দায়িত্ব। তাঁর একজন কর্মী হিসেবে কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী চেতনা ও বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে। ‘সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনা করছেন।
দোয়া-পূর্ব আলোচনা সভা সঞ্চালনা করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি। অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, নাজিম উদ্দিন লস্কর, মামুন রশিদ চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, বদরুল ইসলাম, ছালিক আহমদ, এডভোকেট আবু তাহের, কোহিনূর আহমেদ, এডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম, শাকিল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, আব্দুল কাদির শমছু, আব্দুস সামাদ তুহেলসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মো. মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম বাহারসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এদিকে, বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথকভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




