ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবিগঞ্জের মাধবপুরে ‘পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মাধবপুর পৌর পার্ক এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
‘পরিচ্ছন্ন মাধবপুর, সুস্থ মাধবপুর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এ সময় উপজেলা ও পৌরসভার কর্মচারীদের পাশাপাশি মাধবপুর পৌর ছাত্রদল, মাধবপুর স্কাউট গ্রুপ এবং এলাকার সাধারণ মানুষ অংশ নেন।
অভিযানে পৌর পার্কসহ আশপাশের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল হিসেবে ব্যবহৃত হতে পারে—এমন জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও আবর্জনা অপসারণ করা হয়।
অভিযানকালে ইউএনও মো. মেহেদী হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, প্রত্যেককে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।
তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ সম্মিলিতভাবে কাজ করলে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করা সম্ভব।
তিনি আরও বলেন, নিজের ঘর ও প্রতিষ্ঠান পরিষ্কার রাখার পাশাপাশি প্রতিবেশীকেও সচেতন করতে হবে। একটি পরিচ্ছন্ন পরিবেশই ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে পারে।
অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থী, স্কাউট সদস্য ও স্থানীয় বাসিন্দারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। নিজেদের অবস্থান থেকে সবাই দায়িত্বশীল হলে মাধবপুরকে পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যকর উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিজ নিজ প্রতিষ্ঠান ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, পানি জমে থাকা রোধ করা এবং ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
জৈন্তাবার্তা/আরআর




