ছবি:সংগৃহীত
সিলেটে সিএনজি অটোরিকশা শ্রমিক নেতা ও আম্বরখানা পয়েন্টের লাইনম্যান মো. তিতাস খানকে অপহরণ, নির্যাতন ও সাজানো মামলায় গ্রেপ্তারের অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন পরিবহন শ্রমিকরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের উদ্যোগে শাহী ঈদগাহ পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকরা অংশ নেন।
শাহী ঈদগাহ উপ-পরিষদের আহ্বায়ক ও সাবেক সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন ৭০৭-এর কেন্দ্রীয় কমিটির সদস্য, মহানগর উপ-কমিটির সহসভাপতি ও শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক সম্পাদক এম বরকত আলী।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক চালক জোট-২০৯৭-এর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আবুল হুসেন।
এ ছাড়া বক্তব্য দেন ৭০৭-এর কেন্দ্রীয় কমিটির কল্যাণ সম্পাদক ও আম্বরখানা-সালুটিকর উপ-পরিষদের সভাপতি মো. আব্দুল মান্নান, ৭০৭-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, চালক জোট-২০৯৭-এর দরগা উপ-কমিটির সভাপতি রইমুল ইসলাম, বালুচর উপ-পরিষদের সভাপতি শ্রমিক দল নেতা আলী হুসেন, মুক্তিযোদ্ধা উপ-পরিষদের সম্পাদক মো. রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক জগলু আহমেদ, বিপ্লব আহমেদ, ৭০৭-এর শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক সভাপতি শাহা আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আম্বরখানা পয়েন্টে দায়িত্ব পালনরত অবস্থায় তিতাস খানকে টিলাগড় উপ-পরিষদের সভাপতি নুরুল ইসলাম খানের নেতৃত্বে একদল লোক তুলে নিয়ে যায়। পরে তাঁর ওপর নির্যাতন চালানো হয় এবং মাদক ও চাকু দিয়ে সাজানো মামলায় তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, তিতাস খানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ষড়যন্ত্রমূলক। তারা এসব মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
একই সঙ্গে তিতাস খানকে অপহরণ ও মামলায় ফাঁসানোর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান শ্রমিক নেতারা। তাদের অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনেরও আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, তিতাস খানের মুক্তি ও অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে সিলেটের সর্বস্তরের পরিবহন শ্রমিকদের নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে শাহী ঈদগাহ উপ-পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সিএনজি অটোরিকশা ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




