বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ PM

পাঁচ দিনেও মিলেনি সন্ধান

বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ০১:৪২:১০ PM

বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন


ওমান থেকে ফিরে দেশের মাটিতে পা রেখেছিলেন যুবক এম ডি সুজন (৩০)। কিন্তু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি।

নিখোঁজ এই প্রবাসী যুবকের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে। স্বজনরা জানিয়েছেন, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। তাঁর খোঁজ না পেয়ে উদ্বেগ আর উৎকষ্ঠায় দিন কাটছে পরিবারের লোকজনের।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর পর গত ২০ সেপ্টেম্বর ওমানের মাসকাট থেকে ওমান এয়ারের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন সুজন। তাঁকে গ্রামের বাড়িতে নিয়ে আসতে পরিবারের সদস্যরা ঢাকা বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সুজনকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন স্বজনরা।

অনেকক্ষণ অপেক্ষার পর স্বজনরা বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে নিশ্চিত হন যে সুজন বিমানবন্দর থেকে বাইরে বের হয়েছেন। কিন্তু টার্মিনাল থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। তাঁর সঙ্গে থাকা মোবাইলে বিদেশি নম্বর থাকায় নেটওয়ার্কও মিলছে না।

সুজন নিখোঁজ হওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানসহ সম্ভাব্য আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে নিখোঁজ সুজনের ভগ্নিপতি পলাশ মিয়া বলেন, সিসিটিভি ফুটেজে সুজনকে সুস্থ অবস্থায় বিমানবন্দর থেকে বের হতে দেখা গেছে। কিন্তু বের হওয়ার পরই সে কোথায় হারিয়ে গেল আমরা বুঝতে পারছি না। তাঁর খোঁজ না পেয়ে চরম উৎকষ্ঠায় সময় কাটছে পরিবারের লোকজনের।

তিনি বলেন, কিছুদিন ধরে সুজনের মানসিক সমস্যা দেখা দেয়। সে দেশে ফেরার জন্য ছটফট করছিল। তাই ওমানে থাকা তাঁর ভাই তাকে দেশে পাঠিয়ে দেয়। এজন্য আমরা তাকে এয়ারপোর্ট থেকে গ্রহণের জন্য গিয়েছিলাম। কিন্তু তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা এ বিষয়ে আইনি সহায়তার জন্য জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছি।

কোনো সহৃদয় ব্যক্তি যদি এম ডি সুজনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন কিংবা কেউ যদি তাঁকে কোথাও দেখে থাকেন, তবে মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে ০১৭৩৪৭৯৬২৩০ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার।

জৈন্তাবার্তা/আরআর