সংগৃহিত
দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
রোববার (২৫ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম এদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে গত শুক্রবার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটির তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২৬ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ দফা দাম বাড়ানো হয়েছে, ৬৫ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, গত বছর স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
এদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৩৯১ টাকায় বিক্রি হচ্ছে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




