রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

*শ্রীহট্ট ব্রাহ্মসমাজের রবীন্দ্র-স্মরণ অনুষ্ঠানে আব্দুল কাইয়ুম চৌধুরী

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১১/২০২৬ ০৯:২৪:৪১ অপরাহ্ন

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক

সংগৃহিত


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯১৯ সালের সিলেট সফর ছিল নানা কারণে ঐতিহাসিক। এটি ছিল তাঁর প্রথম ও শেষ সিলেট সফর। এ সফরের মধ্য দিয়ে সিলেটের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যে যুক্ত হয়েছে এক অনন্য অধ্যায়।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শ্রীহট্ট ব্রাহ্মমন্দিরে শ্রীহট্ট ব্রাহ্মসমাজ আয়োজিত রবীন্দ্র-স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

‘তুমি আদিকবি, কবিগুরু তুমি হে’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া ‘নাইটহুড’ বা ‘স্যার’ উপাধি ত্যাগ করেন। এর চার মাস পর অক্টোবরে তিনি কলকাতা থেকে শিলং যান। সেখানে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি থাকলেও সিলেটের বিভিন্ন সংগঠনের আমন্ত্রণে তিনি সেই পরিকল্পনা বাতিল করে সিলেট সফরের সিদ্ধান্ত নেন।

রবীন্দ্রনাথের সিলেট আগমনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে সিসিক প্রশাসক বলেন, সে সময় শিলং থেকে সিলেটে আসার সরাসরি সড়কপথ ছিল না। চেরাপুঞ্জি ও থারিয়াঘাট হয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে আসতে হতো। মানুষের পিঠে চড়ে ভ্রমণ করতে অনাগ্রহী হওয়ায় রবীন্দ্রনাথ আসাম-বেঙ্গল রেলপথে গৌহাটি, লামডিং, বদরপুর ও কুলাউড়া হয়ে দীর্ঘ পথ ঘুরে ১৯১৯ সালের ৫ নভেম্বর ‘শ্রীহট্ট বাজার’ রেলস্টেশনে এসে পৌঁছান।

তিনি আরও বলেন, সিলেট সফরকালে রবীন্দ্রনাথ ঠাকুর সিংহবাড়িতে অবস্থান করেন। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি একটি কবিতাও রচনা করেছিলেন।

সিলেটের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে নাগরিক সমাজের ভূমিকার প্রশংসা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ২০১৯ সালে সিসিক ও নাগরিক সমাজের উদ্যোগে কবিগুরুর সিলেট আগমনের শতবর্ষ উদযাপন করা হয়েছিল। আজও ব্রাহ্মসমাজের উদ্যোগে এ ধরনের স্মরণ অনুষ্ঠানের আয়োজন প্রশংসনীয়। পূর্বসূরিদের উদ্যোগ ও কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষা করাই সিলেটকে সম্মানিত করে। এ ধরনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক আয়োজনে অতীতের মতো ভবিষ্যতেও সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট সফরের শতবর্ষ উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, নজরুল তাঁর জীবনে দুবার সিলেটে এসেছিলেন। এ বছর তাঁর সিলেট আগমনের একটি সফরের শতবর্ষ পূর্ণ হচ্ছে। সবার পরামর্শ ও সহযোগিতায় এ উপলক্ষে দুই দিনব্যাপী একটি চমৎকার অনুষ্ঠানমালার আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, সিলেট সিটি করপোরেশন জনগণের প্রতিষ্ঠান। তাই নগরের ভালো-মন্দ ও উন্নয়নমূলক সব কর্মকাণ্ডে নগরবাসীকে অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।

শ্রীহট্ট ব্রাহ্মসমাজের সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিজয়কৃষ্ণ বিশ্বাস।

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে