ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীরচর পুরান বাজারের নতুন মার্কেট মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালনীরচর গ্রামের এলাইছ মিয়া ও কাজল মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গাজমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
সংঘর্ষে গুরুতর আহত ব্যক্তিরা হলেন কালনীরচর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে এলাইছ মিয়া (৫০), সানা মিয়া (৪০), একই গ্রামের আসদ্দর আলীর ছেলে ও আশারকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শওকত আলী (৪২), মৃত আব্দুল গফুরের ছেলে কাজল মিয়া (৫৩) এবং লিচু মিয়া (৬০)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




