সংগৃহীত
সিলেট নগরীর উঁচাসড়ক এলাকার আল্লাহু পয়েন্টে প্রায় ৮০০ বোতল ফেনসিডিলসহ একটি সাদা প্রাইভেটকার ও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ডিবি পুলিশের এসআই পলাশ কানুর নেতৃত্বে কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।
উদ্ধারকৃত ফেনসিডিলের পরিমাণ প্রায় ৮০০ বোতল বলে ডিবি পুলিশ ও ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনসাধারণ নিশ্চিত করেছেন। অভিযানে যুবদল ও ছাত্রদলের তিন নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তদন্তের স্বার্থে এবং তাঁদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
আটক ব্যক্তির কাছ থেকে জানা যায়, ফেনসিডিলের চালানটি ভারত থেকে চোরাই পথে তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে সিলেটের টিলাগড় হয়ে প্রাইভেটকারযোগে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে তিনি জানান।
এদিকে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন এএসআই পদমর্যাদার সদস্য। তবে তাঁর পরিচয় ও পদবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সূত্রটি আরও জানায়, আটক ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হওয়ায় তাঁকে এখনো কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের ওই সূত্র জানায়, এ ঘটনায় অবশ্যই মামলা দায়ের করা হবে।
এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী ডিবি পুলিশের এসআই পলাশ কানুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে আটক ব্যক্তির পরিচয়, পদবি এবং ঘটনার বিষয়ে তাঁর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
প্রায় ৮০০ বোতল ফেনসিডিল আটকের এ ঘটনায় মাদক চোরাচালানের সম্ভাব্য রুট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি উঠেছে। বিশেষ করে তামাবিল সীমান্ত দিয়ে মাদক প্রবেশ, সিলেট হয়ে ঢাকায় পরিবহনের পরিকল্পনা এবং এর পেছনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আনুষ্ঠানিক পুলিশি বক্তব্য এবং পরবর্তী আইনগত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
জৈন্তাবার্তা/ সুলতানা




