সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জে এক ইমামের বিরুদ্ধে হাবিবুর রহমান নামে এক মাদ্রাসাছাত্রকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মুরব্বিরা ঘটনার সত্যতা জানতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।এর আগে বলাৎকারের অভিযোগ এনে মাদ্রাসা ছাত্র হাবিবুরের পরিবারের পক্ষ থেকে ইমামের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বটেরতল গ্রামে ইমামের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাবিবুর মুঠোফোনে জানান, যে চেয়ারম্যান নানা বললে আমি বলবো তিনি যে কয়জনকে বলতে বলিছেন তাহাদের শুধু বলেছি আর কারো ফোন ধরতে এবং কারো কথার উত্তর দিতে নিষেধ করিছেন।
অভিযুক্ত ওই ইমামের নাম হাফেজ মুফতি নোমান বিন রব্বানী (৩৮)। তিনি উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের বটেরতল গ্রামের গোলাম রব্বানীর ছেলে এবং শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ জামে মসজিদের ইমাম। এছাড়াও তিনি দারুল আরক্বাম ইবতেদায়ী মাদ্রাসা কোম্পানীগঞ্জের প্রধান শিক্ষক, উপজেলা শাখার শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার সেক্রেটারি, হেফাজতে ইসলামের উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন এবং এটিকে তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তিনি আরো বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের কারণে সিলেট কোর্টে মানহানি মামলা দায়ের করেছি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উছমান গনি জানান, এ বিষয়ে হাবিবুরের পরিবারের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ইমামের দায়ের করা মানহানির অভিযোগ এখনো আসেনি।
জৈন্তাবার্তা/সুলতানা




