ছবি:সংগৃহীত
সুনামগঞ্জে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলার উকিলপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে অনিবন্ধিত অবস্থায় খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি, পণ্যের মোড়কে অনিয়ম এবং মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-আল আরাফাহ বেকারি। প্রতিষ্ঠানটির মালিক কামরুল হাসান মুন্নাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স মা এন্টারপ্রাইজের মালিক মিন্টু দেবকে ১ লাখ টাকা এবং ওমর উসমান ফ্রুট অ্যান্ড ফ্রুট এজেন্সির মালিক আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৩৮ ও ৫৩ ধারায় এসব জরিমানা করা হয়।
এসআরবি-৯ জানায়, নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করা, পণ্যের সঠিক মূল্যতালিকা প্রদর্শন এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জনস্বার্থে বাজার মনিটরিং ও অনিয়মবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




