বাংলাদেশ বেতার সিলেটে শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার ওপর গুরুত্বারোপ

বাংলাদেশ বেতার সিলেটে শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ০৭:৫৩:৩৯ অপরাহ্ন

বাংলাদেশ বেতার সিলেটে শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


শিশু, কিশোর-কিশোরী ও নারীদের স্বাস্থ্য সুরক্ষা এবং উন্নয়নবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে বহিরাঙ্গন শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিলেট নগরীর উপকণ্ঠে দক্ষিণ সুরমা সরকারি কলেজ অডিটোরিয়ামে এ আনন্দমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শাহজাহান জামান চৌধুরী। তিনি বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও দুর্বিপাকে বাংলাদেশ বেতার সবসময় মানুষের পাশে থেকেছে। তথ্য প্রচার, জনসচেতনতা সৃষ্টি ও বিনোদনের মাধ্যমে বেতার তার দায়িত্ব পালন করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য দেন চিকিৎসক ডা. গৌরী রানী দাস। তিনি কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব ও প্রসবকালীন স্বাস্থ্য পরিচর্যার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম বলেন, একটি সুস্থ মা-ই পারে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম উপহার দিতে। তাই মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক কেন্দ্রের তথ্য, বিনোদন ও সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের অবহিত করেন। নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান শোনার জন্য তিনি শ্রোতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিশুরাই আগামী দিনের কর্ণধার। তাই তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সবার আগে প্রয়োজন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাস এবং সহকারী পরিচালক মো. ইকবাল হোসাইন উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ শ্রোতা আনন্দমেলার সমাপ্তি ঘটে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ