ছবি:সংগৃহীত
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুল মজিদ উজ্জলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহেদ আহমদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব এবং ডেইরি খামারি খালেদ আহমদ, আব্দুল কুদ্দুস ও আব্দুল জব্বার প্রমুখ।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও সমৃদ্ধ করতে খামারিদের সচেতনতা বৃদ্ধি, উন্নত জাতের পশু পালন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং প্রাণীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এর মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দেশের পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




