সিলেটে কাল থেকে শুরু উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

অংশ নেবে ১৩ উপজেলা ও সিসিক ফুটবল দল, উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলাম

সিলেটে কাল থেকে শুরু উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ০৮:৩১:৫৫ অপরাহ্ন

সিলেটে কাল থেকে শুরু উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট

ছবি:সংগৃহীত


সিলেটে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট’। শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার, নতুন খেলোয়াড় তৈরি এবং উপজেলা পর্যায়ে লুকিয়ে থাকা প্রতিভাবান ফুটবলারদের তুলে আনার লক্ষ্য নিয়ে সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

প্রতিযোগিতায় সিলেটের ১৩টি উপজেলার ফুটবল দলের পাশাপাশি সিলেট সিটি করপোরেশন (সিসিক) ফুটবল দল অংশ নেবে।

শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রীড়ামোদী ব্যক্তি এবং ফুটবলাররা অংশ নেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আয়োজক সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা। এ সময় টুর্নামেন্টের আয়োজন, উদ্দেশ্য ও প্রত্যাশা তুলে ধরেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন।

আয়োজকরা জানান, ফুটবল মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি জনপ্রিয় খেলা। শৈশব থেকেই শিশুদের মধ্যে এ খেলার প্রতি স্বাভাবিক আকর্ষণ তৈরি হয়। সেই আগ্রহকে সংগঠিত করে তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল লক্ষ্য।

তারা আরও জানান, উপজেলা পর্যায়ের প্রতিভাবান ফুটবলারদের প্রতিযোগিতামূলক খেলার সুযোগ তৈরি এবং বৃহত্তর পরিসরে তাদের প্রতিভা তুলে ধরতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ