জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ০৬:৪১:২৮ অপরাহ্ন

জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা

সংগৃহীত


‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার লঞ্চঘাট থেকে মান্নান ঘাট হয়ে গজারিয়া পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওতাধীন বৈধ ইজারার মাধ্যমে টোল আদায় কার্যক্রম পরিচালনায় বাধা ও হয়রানির অভিযোগ তুলেছেন ইজারাদাররা। একই সঙ্গে ইজারা রশিদ ছাড়াই একটি স্বার্থান্বেষী মহল অবৈধভাবে টাকা আদায় করছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ইজারাদার জিয়াউর রহমান জিয়া ও মো. ওয়াহেদ আলী এসব অভিযোগ করেন। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে একটি মহল তাঁদের বৈধ টোল আদায় কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও জাতীয় দৈনিকে একাধিক সংবাদও প্রকাশিত হয়েছে।


‎ইজারাদারদের অভিযোগ, অতীতে তাঁদের সরকারি বরাদ্দকৃত বিলবোর্ড ভাঙচুর এবং নিয়োগকৃত কালেক্টরদের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।

‎তাঁরা জানান, মহামান্য হাইকোর্টের সংশ্লিষ্ট আদেশ ও প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে গত ১৭ নভেম্বর থেকে পুনরায় বৈধভাবে টোল আদায় কার্যক্রম শুরু করেন। তবে কার্যক্রম শুরুর পর থেকেই কয়েকজন স্বার্থান্বেষী ব্যক্তির নেতৃত্বে নিয়োগকৃত কালেক্টরদের টোল আদায়ে বাধা ও হয়রানি করা হচ্ছে।

‎গত বুধবার (২৫ নভেম্বর) ইজারাদারদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে উপজেলার গজারিয়া এলাকায় একটি মানববন্ধন করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইজারাদাররা।

‎সংবাদ সম্মেলনে তাঁরা আরও বলেন, আইন ও সরকারি নিয়মনীতি অনুসরণ করেই বৈধ ইজারার কার্যক্রম পরিচালনা করতে চান। কোনো বেআইনি কর্মকাণ্ডে তাঁরা জড়িত হতে চান না। তবে বৈধভাবে পরিচালিত সরকারি রাজস্ব আদায় কার্যক্রমে বাধা ও হয়রানি কোনোভাবেই কাম্য নয়।

‎এ অবস্থায় পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ইজারা রশিদ ছাড়া অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ খতিয়ে দেখা এবং বৈধ টোল আদায়ে বাধা ও কালেক্টরদের হুমকি-হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

‎পাশাপাশি নির্বিঘ্নে টোল আদায় কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ইজারাদার জিয়াউর রহমান জিয়া ও মো. ওয়াহেদ আলী।

জৈন্তাবার্তা/ সুলতানা