২৭ নভেম্বর শুরু হচ্ছে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, অংশ নেবে ১৪ দল
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সিলেটের ক্রীড়াঙ্গনে আবারও প্রাণ ফেরাতে চান আব্দুল কাইয়ুম চৌধুরী

২৭ নভেম্বর শুরু হচ্ছে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, অংশ নেবে ১৪ দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/১১/২০২৬ ১১:১১:৫৬ অপরাহ্ন

২৭ নভেম্বর শুরু হচ্ছে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, অংশ নেবে ১৪ দল

ছবি:সংগৃহীত


সিলেটের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে নিয়মিত খেলাধুলা ও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, দীর্ঘদিনের দলীয়করণ ও নানা অনিয়মের কারণে সিলেটের ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ও সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৭ বছরের শাসনামলে এখানকার ক্রীড়াঙ্গন অনেকটা স্থবির হয়ে পড়েছিল। সেই স্থবিরতা কাটিয়ে খেলাধুলাকে মাঠে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তরুণ ক্রীড়া সংগঠকেরা এগিয়ে এসেছেন। বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক খেলোয়াড় রেজাউল করিম নাচনসহ সংশ্লিষ্ট সংগঠক ও সাবেক খেলোয়াড়দের উদ্যোগ আশাব্যঞ্জক। সবার সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের ক্রীড়াঙ্গন আবারও তার হারানো গৌরব ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ফুটবল এখনো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা। গ্রামগঞ্জে শীত মৌসুমে শত শত তরুণ ফুটবল নিয়ে মাঠে নামেন। একসময় সিলেটের ফুটবলকে ঘিরে ব্যাপক উন্মাদনা ছিল। স্টেডিয়ামের গ্যালারি দর্শকে পূর্ণ থাকত। সেই পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শুধু টুর্নামেন্ট আয়োজন নয়, মাঠে দর্শক ফিরিয়ে আনা এবং মানসম্মত খেলা উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান প্রসঙ্গে তিনি বলেন, তিনি ছিলেন সিলেটের একজন কৃতী সন্তান। সিলেটের প্রতি তাঁর ভালোবাসা এবং এ অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর আগ্রহ ছিল। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও দেশের প্রতি অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁর নামে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

সিসিক প্রশাসক আরও বলেন, একটি টুর্নামেন্ট আয়োজনের মধ্যেই এ উদ্যোগ সীমাবদ্ধ থাকবে না। সিলেটে নিয়মিত ফুটবল ও ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেয়র কাপ ক্রিকেট, হাডুডু ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে। নতুন প্রজন্মের খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করতে ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের উপযোগী পরিবেশ তৈরির যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে দেশব্যাপী উদ্যোগ চলছে। সিলেটও এ ক্ষেত্রে পিছিয়ে থাকবে না। ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রীড়ানুরাগীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

আসন্ন টুর্নামেন্ট প্রসঙ্গে আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, আগামী ২৭ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে। এতে সিলেট সিটি করপোরেশন ও বিভিন্ন উপজেলার মোট ১৪টি দল অংশ নেবে। টুর্নামেন্টকে ঘিরে মাঠে দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি তৈরি হবে বলেও তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব রেজাউল করিম নাচন। বক্তব্য দেন বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্বশীল ব্যক্তি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২৭ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিসিবি পরিচালক ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২৭ নভেম্বর শুরু হচ্ছে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, অংশ নেবে ১৪ দল
সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে বড় প্রকল্প অনুমোদন
সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রে/প্তার
সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নি/খোঁজ ২
সুরমা নদীতে মিলল মা-মেয়ের ম/রদেহ
সিলেটে সাবেক এমপি বদির ছেলে, ভাইসহ ৪ জন আ/টক
সিলেটে দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক
জকিগঞ্জে ২৬২ বস্তা সরকারি চাল লু/টের মা/মলা: ২৫ আ/সামি কা/রাগারে
‘ডিসেম্বরের অপেক্ষা কেন, আজ বা কালই দেশে আসুন’-শেখ হাসিনাকে খন্দকার মুক্তাদির
আ/গুন স/ন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি রাজপথে ঐক্যবদ্ধ’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী