ছবি: সংগৃহীত
সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া আবেদ আলী এখন টক অব দ্য কান্ট্রি। তিনি পিএসসির সাবেক কয়েকজন চেয়ারম্যানের ড্রাইভার ছিলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও তা অস্বীকার করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির দাবি, চাকরিজীবনে তিনি তিনজন পিএসসি সদস্য এবং একজন যুগ্মসচিবের গাড়ির চালক ছিলেন। বুধবার (১০ জুলাই) পিএসসির প্রশাসন শাখা থেকে তথ্য আকারে বিষয়টি বলা হয়েছে। তবে সেই কপি গণমাধ্যমকে দেওয়া হয়নি।
পিএসসির দেওয়া তথ্যানুযায়ী চাকরিজীবনে আবেদ আলী পিএসসির সদস্য মজিবুর রহমান বিশ্বাস, মোজাম্মেল হক ও মোহাম্মদ হোসেন সেরনিয়াবাতের গাড়ি চালিয়েছেন। এছাড়া একজন যুগ্মসচিবের গাড়িচালক ছিলেন তিনি। তবে সেই যুগ্মসচিবের নাম জানায়নি পিএসসি।
কমিশনের দেওয়া ওই তালিকা অনুযায়ী- অধ্যাপক ড. মো. মুস্তফা চৌধুরী ১৯৯৮-২০০২ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন। তার গাড়িচালক ছিলেন আলমগীর হোসেন। ২০০২-২০০৭ সাল পর্যন্ত চেয়ারম্যান পদে থাকা অধ্যাপক ড. জিনাতুন নেসা তাহমিদা বেগমের গাড়িচালকও ছিলেন আলমগীর হোসেন।
২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত পিএসসির চেয়ারম্যান ছিলেন ড. সাদত হুসাইন। তার সময়েও আলমগীর হোসেনই গাড়িচালক ছিলেন। তারপর নিয়োগ পাওয়া ইকরাম আহমেদের গাড়িচালক ছিলেন আবু বক্কর সিদ্দিক। এরপরের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের গাড়িচালক ছিলেন মোট তিনজন। তারা হলেন- আবু বক্কর সিদ্দিক, শহিদ, অনুত্তর চাকমা। আর পিএসসির বর্তমান চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের গাড়িচালক হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন অনুত্তর চাকমা। তবে আবেদ আলী সাবেক তিনজন চেয়ারম্যানের গাড়িচালক ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। পিএসসির সাবেক একজন চেয়ারম্যানও বিষয়টি নিশ্চিত করেছেন।
জৈন্তাবার্তা/ মনোয়ার




