নিজস্ব প্রতিনিধি
দেশের ৪৬ টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) র্যাংকিং প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশন। এতে ৯৭.৯১ শতাংশ স্কোর সহকারে ২য় অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন কর্মকাণ্ডকে ৬টি ক্যাটাগরিতে মূল্যায়ন করে এ র্যাংকিং করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশন।
মূল্যায়নকৃত ছয়টি ক্যাটাগরির মধ্যে কৌশলগত উদ্দেশ্যসমূহে ৭০, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনায় ১০, ই-গভর্ন্যান্স/উদ্ভাবন কর্মপরিকল্পনায় ১০, অভিযোগ প্রতিকার ব্যবস্থা কর্মপরিকল্পনায় ৪, সেবা প্রদান প্রতিশ্রতি কর্মপরিকল্পনায় ৩, তথ্য অধিকার কর্মপরিকল্পনায় ৩ মিলিয়ে মোট ১০০ নম্বরের ভিত্তিতে এ র্যাংকিং প্রকাশ করা হয়। র্যাংকিংয়ে শতভাগ স্কোর নিয়ে প্রথমে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়,শতকরা ৯৭.৯১ স্কোর করে র্যাংকিয়ের দ্বিতীয় স্থানে শাবিপ্রবি এবং শতকরা ৯৫.৯৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
এ বিষয়ে শাবিপ্রবির এপিএ কমিটির ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা ও সার্বিক নির্দেশনায় আমরা চেষ্টা করেছি আমাদের কাজগুলো করে যেতে। কাজের প্রতিদান স্বরুপ আমাদের এ অর্জন।
সার্বিক বিষয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গতবার আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যার কারণে এপিএ মূূল্যায়নে একটু পিছিয়ে ছিলাম। তবে এবার ইউজিসির নির্ধারিত সব কাজ সম্পাদন করে আমরা শীর্ষ অবস্থানে উঠে এসেছি। এর পেছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের অবদান ছিল। এ ধারাবাহিকতা বজায় থাকলে আশাকরি আগামীতে আমরা প্রথম হব।
এম. এইচ. এ




