ছবি: নিজস্ব
মাধবপুরের ধর্মঘর-গন্ধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে সহযোগীসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টার সময় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করার সময় বিজিবির হাতে আটক হয়েছেন তারা।
আটককৃতরা হচ্ছেন, যশোর জেলার শার্শা উপজেলার বাহাদুরপুর শফিকুল ইসলামের আব্দুস সবুর মিয়া (২৭), খুলনা সদরের সোনাডাঙা গ্রামের আঃ ছত্তার হাওলাদরের ছেলে মোঃ মাসুম (৩২), ও বাগেরহাট উপজেলার মোড়েলগঞ্জ উপজেলার চরহোগলীবানিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ সুমন (২৬)।
আটক সহযোগীরা হলেন মাধববপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের জামাল মিয়ার ছেলে ইমন মিয়া (২৯) ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বড় বাদুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহরাব হোসেন (৪২)।আটকদের কাছ থেকে ১৬ হাজার ১০৫ ভারতীয় রুপি, ৮ টি মোবাইল ও কিছু স্টেশনারি সামগ্রী জব্দ করা হয়।
প্রাথমিকভাবে বিজিবি জানতে পেরেছে প্রায় দেড় বছর আগে যশোরের বেনাপোল সীমান্ত পার হয়ে আব্দুস সবুর,মাসুম ও সুমন রাজমিস্ত্রি ও ভাঙ্গারি কাজ করতে কোলকাতা যায়। শনিবার (২৬ অক্টোবর) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশের চেষ্টা কালে সন্তোষপুর এলাকা থেকে বিজিবির টহল দল তাদেরকে আটক করে।বাংলাদেশে প্রবেশে সহযোগিতাকারী ইমন মিয়া ও সোহরাব হোসেনকেও এসময় আটক করে বিজিবি।ইমন ও সোহরাব তাদের (আটক) কাছে নিজেদের ডিবির লোক বলে পরিচয় দিয়েছিল বলেও জানিয়েছে তারা। আটকদের মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
২৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, 'অনুপ্রবেশ বন্ধে সীমান্তে বিজিবি বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে জোরদার টহল অব্যাহত আছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




