সংগৃহীত
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে র্যালি, আলোচনা সভা ও জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুরের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজয় চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন মীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, পিডিবি জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জৈন্তাপুর স্টেশন ইনচার্জ জগদীশ চন্দ্র দেবনাথ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস এবং বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজিদ আহমেদ তারেক।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালে এবং পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগ ও যথাযথ প্রস্তুতির মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে একটি দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভা শেষে সারিঘাট উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় দুর্যোগকালীন পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম ও জরুরি করণীয় সম্পর্কে প্রদর্শনীর মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হয়।
দিবসটি পালনের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগ মোকাবিলায় ব্যক্তি, পরিবার ও সমাজের প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জৈন্তাবার্তা/ সুলতানা




