ছবি:সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সুলতানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাচারচক গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত একটি ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার জকিগঞ্জের বাবুর বাজারে সাপ্তাহিক হাট থেকে একটি গরু নিয়ে ফিরছিলেন এক ব্যক্তি। পথে গরুটি ভড়কে গিয়ে হঠাৎ সড়কের মাঝখানে চলে আসে। গরুটিকে বাঁচাতে গিয়ে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হেলাল উদ্দিনসহ অন্তত সাতজন আহত হন।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হেলাল উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তাঁর মৃত্যু হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত হেলাল উদ্দিনের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




