শান্তিগঞ্জে আব্দুল মজিদ কলেজে ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিকলল্পনামন্ত্রী
নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। নির্বাচন ব্ষিয়ে তারাই সব সিদ্ধান্ত নেবে।- এমনটি জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে নবনির্মিত আব্দুল মজিদ কলেজে ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, নির্বাচন কোনো দল বা আমাদের বিষয় নয়, এটা নির্বাচন কমিশনের। কোনো পণ্ডিত, জ্ঞানী ব্যক্তি এখানে-ওখানে বক্তৃতা দিলেই হবে না। দেশে আইন আছে, এটা সবার মানতে হবে।
জামায়াতে ইসলাম নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জামায়াত কি সেটা দেশের মানুষ জানে। জামায়াতের নিবন্ধন আছে কি না বা তারা সংসদ নির্বাচন করতে পারবে কিনা সেটা সরকারের দেখার বিষয় নয়। নির্বাচন কমিশন আছে তারা দেখবে। তারা যে সিদ্ধান্ত দিবে আমরা মেনে নিব৷
দেশের ব্যাংকখাতের ব্যাপারে মন্ত্রী বলেন, ব্যাংক থেকে যারা ঋণ নিয়ে পরিশোধ করছেন না তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে৷
শিক্ষার কোন বিকল্প নেই উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা যে কাজগুলো করি এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষাক্ষেত্রে। কারণ এটাই জীবনের চাবিকাঠি। বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিছে। এই সরকারের আমলে দেশের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে৷ আমরা চাই সকল বাঙ্গালী শিক্ষিত হোক। যাতে কেউ অক্ষরজ্ঞানহীন না থাকে এটাই আমাদের লক্ষ্য।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার, গরীব দুঃখী মেহনতী মানুষের সরকার৷ আমরা ধর্মে আর কর্মে মিল চাই। আমরা চাই সবাই সমানতালে এগিয়ে যাক। আওয়ামীলীগ বাংলাদেশের আপন সরকার। আ.লীগের আমলে দেশের যে উন্নয়ন হয়েছে কেউ তা করতে পারেনি। এই দেশকে রেখে আওয়ামীলীগ কোথাও পালাবে না৷ যারা দেশকে সম্মান করেনা তাদের বিরুদ্ধে আমাদের বিবাদ সবসময়ই চলমান থাকবে৷ কারো কথায় কান না দিয়ে আগামী নির্বাচনে আপনারা ন্যায় বিচার করবেন এটাই প্রত্যাশা।
এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাসুদুর রউফ পল্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনসহ আরও অনেকে৷
ডি ডি




