সুনামগঞ্জে নদ-নদীর পানির স্তর আরও কমেছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার বন্যা পরিস্থিতি ও পানির স্তর পর্যবেক্ষণ বুলেটিনে দেখা গেছে, জেলার সব পর্যবেক্ষণ কেন্দ্রেই নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, জেলার পয়েন্টে সুরমা নদীর পানির স্তর সকাল ৯টায় ৭.০১ মিটার রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমার ০.৭৯ মিটার নিচে রয়েছে। এ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
লাউরেরগড় পয়েন্টে নদীর পানির স্তর ৬.৭৪ মিটার, যা বিপদসীমার ১.৩১ মিটার নিচে রয়েছে। সেখানে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির স্তর ৮.২১ মিটার, যা বিপৎসীমার ০.৪৯ মিটার নিচে রয়েছে। এ এলাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিরাই পয়েন্টে নদীর পানির স্তর ৬.০২ মিটার, যা বিপৎসীমার ০.৫৩ মিটার নিচে রয়েছে। এ পয়েন্টে ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
অন্যদিকে, জগন্নাথপুর ও সোলেমানপুর পয়েন্টে পানির স্তর যথাক্রমে ৬.৫৪ মিটার ও ৬.৩৯ মিটার রেকর্ড করা হয়েছে। তবে এ দুটি পয়েন্টের জন্য কোনো বিপদসীমা নির্ধারিত নেই।
পাউবো সূত্র জানায়, বর্তমানে জেলার কোথাও নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। উজান থেকে অতিরিক্ত ঢল না এলে তাৎক্ষণিকভাবে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই। তবে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জৈন্তাবার্তা/আরআর




