সুনামগঞ্জের দোয়ারাবাজারে গতবছরের বন্যায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার হয়নি ১৭ মাসেও।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে গতবছরের বন্যায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার হয়নি ১৭ মাসেও।
বাঁশতলা হকনগর বাজার টু বোগলাবাজার সড়কটি গতবছরের ভয়াবহ বন্যায় ভেঙে যায়। এরপর ১৭ মাস পেরিয়ে গেলেও এই সড়কটি মেরামতের কোন উদ্যোগ নেয়া হয়নি।
ফলে উপজেলার বাশতলা, হকনগর বাজার, চৌধুরীপাড়া বাজার পেকপাড়া, আননপাড়া, আলমখালী, বোগলাবাজার, ইদুকোনা ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হকনগর পর্যটক এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার কয়েক হাজার মানুষ।
জানা যায়, ২০২২ সালের ১৬ জুন দ্বিতীয় দফা ভয়াবহ বন্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের হকনগর বাজার টু বোগলাবাজার রাস্তায় আননপাড়া নুরুন্নবীর বাড়ীর নিকটে পাকা সড়ক ভেঙে যায়। ওই রাস্তা ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সে সময় থেকেই বোগলাবাজার, আলমখালী, পেকপাড়া সহ বেশ কয়েক গ্রামের লোকজনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
ছাত্রছাত্রীরা বাশতলা চৌধুরী পাড়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়,ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,আননপাড়া মাদ্রাসায় যাতায়াত করতে হয়। বন্যায় ভেঙে যাওয়া রাস্তা দীর্ঘদিন থেকে মেরামত না করায় তাদেরকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
পেকপাড়া গ্রামের গৃহবধূ মিনারা বেগম বলেন, এ ভাঙন মেরামত না হওয়ায় রাস্তা দিয়ে ভ্যান রিক্সা চলাচল করছে না। আমি বাংলাবাজার থেকে চাউল,সবজি আনতে গিয়ে ছিলাম। ভাঙনের কারনে রিক্সা ভ্যান না পেয়ে মাথায় করে বহন করতে হচ্ছে। মেয়ে লোক হিসেবে এটা আমার জন্য খুবই কষ্টকর।
বাশতলা গ্রামের নুরুন্নবী বলেন, ২০২২ সালের ১৬ জুন দ্বিতীয় দফা ভয়াবহ বন্যায় হকনগর বাজার টু বোগলাবাজার রাস্তাটি ভেঙে যায়। ওই রাস্তা ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বন্যার পানি শুকিয়ে যাবার দীর্ঘদিন পরও রাস্তাটি মেরামতের কোন উদ্যোগ না নেয়ায় আমরা খুব দুর্ভোগের শিকার হচ্ছি।
বাংলাবাজার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ভুইয়া জানান, রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ জরুরি ভাবে মেরামত করা সময়ের দাবি।
স্থানীয় ইউপি সদস্য আল আমিন জানান, রাস্তাটি মেরামত খুবই জরুরি। উপজেলা প্রশাসনের সু দৃষ্টি কামনা করেছেন তিনি।
দোয়ারাবাজার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকৌশলী আব্দুল হামিদ জানান, আমি এই এলাকায় নতুন যোগ দিয়েছি। ফলে এবিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো।
ডি ডি




