ছবি: নিজস্ব
সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত কক্সবাজারের সমুদ্রসৈকত পর্যটকে ভরপুর থাকে। তবে এবারের চিত্র ভিন্ন। জানুয়ারির শেষ সময়েও কক্সবাজারে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। সমুদ্রসৈকতে এখন পর্যটকের ঢল নেমেছে। শহরের বেশিরভাগ হোটেল-মোটেল হাউজফুল। এতে খুশি পর্যটন খাতের সাথে সংশ্লিষ্টরা। 
সমুদ্র সৈকত ছাড়াও কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, দরিয়ানগর পর্যটন পল্লি, হিমছড়ির ঝরনা, পাথুরে সৈকত ইনানী-পাটুয়ারটেক, টেকনাফ সমুদ্রসৈকত, ঐতিহাসিক প্রেমের নিদর্শন মাথিন কূপ, নেচার পার্ক, ফিস ওয়াল্ড, ডুলাহাজারা সাফারি পার্ক, রামুর বৌদ্ধ পল্লিসহ বিনোদন কেন্দ্রগুলো এখন জমজমাট।
হোটেল ব্যবসায়ীরা বলছেন, ডিসেম্বর ১০ তারিখ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত পর্যটকের প্রচুর ভিড় ছিল। জানুয়ারির মাঝামাঝিতেও পর্যটক সমাগম অন্য বছরের তুলনায় এবছর বেশি ছিল। শেষদিকে এসেও দৈনিক গড়ে ৪০-৫০ হাজার পর্যটক কক্সবাজারে আসছেন। এখনও প্রায় প্রতিদিনই ৫০ শতাংশ হোটেল কক্ষ বুকিং থাকছে।

হোটেল মালিকেরা জানান, গেল দুইমাসে এ পর্যন্ত সৈকত ভ্রমণ করেছেন অন্তত ১০ লাখ পর্যটক। বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তা, সড়কের যানজট নিয়ন্ত্রণ এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় হিমশিম খাচ্ছে টুরিস্ট ও ট্রাফিক পুলিশ।

বুধবার সকাল ১০টায় কলাতলী সৈকতে গিয়ে দেখা গেছে, রোদ উপেক্ষা করে সৈকতে প্রচুর মানুষ ভিড় করছেন। বেলা ১২টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টের এক কিলোমিটার লম্বা সৈকতে অন্তত ২০ হাজার মানুষের ভিড় দেখা গেছে। অনেকে সমুদ্রস্নানে নেমেছেন। কেউ দ্রুতগতির জলযান জেট স্কি নিয়ে গভীর সমুদ্র ঘুরে আসছেন। কেউ বালুচরে ঘোড়ার পিঠে চড়ে কিংবা বিচ বাইকে উঠে সৈকতের এপ্রাপ্ত থেকে ও প্রান্ত চক্কর মেরে আসছেন। পর্যটকদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব তৎপর দেখা গেছে টুরিস্ট পুলিশের সদস্যদের। গোসলে নেমে ঢেউয়ের ধাক্কায় কিংবা স্রোতের টানে কেউ ভেসে গেলে উদ্ধার তৎপরতার চালাচ্ছেন লাইফগার্ড কর্মীরা।
দুপুরে সুগন্ধা পয়েন্টে কথা হয় দিনাজপুরের ব্যবসায়ী রাসেল আহমেদের সঙ্গে। স্ত্রী, তিন ছেলে মেয়ে নিয়ে গত সোমবার তিনি কক্সবাজার পৌঁছান। তিনি বলেন, ‘ এই সময়ে সৈকতে মানুষের ঢল দেখে অবাক হচ্ছি। অগ্রিম হোটেল কক্ষ বুকিং না দিয়ে এলে বিপদে পড়তাম। এখন ভাড়াও কিছুটা বেশি গুনতে হচ্ছে।’
সিলেটের সাদিক আহমদ বলেন, আগে হোটেল বুকিং দেইনি। সকালে নেমে অন্তত পাঁচটি হোটেল ঘুরেছি। পরে বেশি ভাড়ায় রুম বুকিং করতে হয়েছে। রেস্তোরাঁয়ও ভিড় লেগে থাকছে। অতিরিক্ত যানবাহনের চাপে হাঁটাচলাও করা যাচ্ছে না। 
টুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সদস্যদের হিমশিম খেতে হচ্ছে। কোথাও পর্যটক হয়রানির শিকার হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হোটেল সি আলিফের ব্যবস্থাপক মো. আবুল কালাম বলেন, বুধবার হোটেলের সব কক্ষ বুকিং হয়ে গেছে। কোনো কক্ষ খালি নেই।
লং বিচ হোটেলের ব্যবস্থাপক আদিল হাসান বলেন, এই অবস্থা আরও সাত-আট দিন থাকবে। বুধবার সকাল পর্যন্ত তার হোটেল ১০টি রুম ফাঁকা ছিল। তবে দুপুরের আগেই বুকিং হয়ে গেছে।
কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, ১৬ ডিসেম্বরের পর কক্ষভাড়ার বিপরীতে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। যদিও নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছিল সর্বোচ্চ ৩০ শতাংশ।
জৈন্তাবার্তা / মনোয়ার




