ছবি : সংগৃহীত
১৯ বছর বয়সে বিডিআরের চাকরি পান ঠাকুরগাঁয়ের মোতাহার হোসেন মানিক। বাবা-মায়ের একমাত্র পুত্র সন্তান। ট্রেনিং শেষে বাড়ি ফিরলে বাবা তাকে বিয়ে করান। মেয়ে, পাশের গ্রামের ববি আক্তার। তিন দিন পর কর্মস্থলে ফিরে যান মানিক। এরপর আর প্রিয়তমা স্ত্রীর কাছে ফেরা হয়নি। ফেরা হয়নি বাবা-মায়ের কাছে। বিডিআর হত্যাকাণ্ডের মামলায় জেলে যান।
মাত্র ৬ মাস চাকরি করতে পেরেছিলেন। আর সংসার করেছিলেন মাত্র তিনদিন। অদ্ভুত বিষয় হচ্ছে মানিকের এই মামলায় মুক্তি পাওয়াটা অনিশ্চিত এবং অনেকটা অসম্ভব ছিলো। এটা জানতেন মানিকের স্ত্রী এবং বাবা-মা। সন্তানকে দেখার আক্ষেপ নিয়েই বছর তিনেক আগে পরপারে পাড়ি জমান বাবা আবুল হোসেন।
সবকিছু অনিশ্চিত জেনেও মানিকের স্মৃতিময় সংসার ছেড়ে যাননি স্ত্রী বেবি আক্তার। অথচ মানিক যখন স্ত্রীর হাত ছেড়ে চাকরির উদ্দেশ্যে যান তখনও বেবি আক্তারের হাতের মেহেদির রঙ শুকায়নি। মাত্র তিনদিন হয়েছিল বিয়ের। এরপর কেটে গেছে দীর্ঘ ১৬ বছর। হয়তো বেবি আক্তার জানতেন এই বিচ্ছেদের সময় ইহজগতে আর শেষ হবে না ।
তবুও থেকে গেছেন । মানিকের প্রিয়তম স্ত্রী হয়েই থেকে গেছেন। অপেক্ষা করেছেন দেড় যুগ। অপেক্ষার জন্য প্রস্তুত ছিলেন আরও দীর্ঘ সময়। এই সহজসরল মানুষগুলো কেমনে পারে! কি অদ্ভুত ত্যাগ। মোহময় ভালোবাসা।আমার একটা বিষন্ন বিকাল পার করতে কষ্ট হয়। অথচ কত কত মানুষ হাজার হাজার বিষন্ন বিকাল, হাহাকারময় রাত, বুক ধরফর করা সুবহে সাদিক পার করে দেয়।ভালোবাসা মিলনে বিলীন, অপেক্ষায় সুন্দর।
জৈন্তাবার্তা / সুলতানা




