প্রতীকী ছবি
বড়লেখায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, একটি ফাস্টফুডের দোকান ভাঙচুর, দুই সংখ্যালঘু তরুণ ও দুই মুসলিম তরুণীর ওপর হামলার অভিযোগে বুধবার রাতে পুলিশ কথিত সংগঠন ‘প্রটেক্ট আওয়ার সিস্টার্স’র তিন সদস্যকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার আদালতের মাধ্যমে পুলিশ তাদের কারাগারে পাঠিয়েছে। তারা হচ্ছেন উপজেলার মুছেগুলের আহমদ মোস্তফা তোফায়েল, দোহালিয়ার মো. শফিকুল ইসলাম আদিল ও বড়থল গ্রামের নাইম আহমদ। এ ব্যাপারে জানতে থানার ওসি আবুল কাশেম সরকারের সঙ্গে বারবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবল দাসের সঙ্গে বিকাল পৌনে ৫টায় যোগাযোগ করা হলে বলেন, তিন এখন ঘুমাচ্ছেন, পরে যোগাযোগ করতে বলেন। জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে বিলাস দাস ও প্রশান্ত পাল নামে দুই তরুণ দুই মুসলিম তরুণীকে নিয়ে শহরের টেস্টি ট্রিট ফাস্টফুডের দোকানে গিয়ে নাস্তা করছিলেন। এ সময় প্রটেক্ট আওয়ার সিস্টার্স নামক একটি কথিত সংগঠনের সদস্য পরিচয়ে কয়েক যুবক সেখানে গিয়ে ওই দুই যুবককে ইসকন সদস্য দাবি করেন এবং অভিযোগ তোলেন তারা মুসলিম মেয়েদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অসামাজিকতায় উদ্বুদ্ধ ও নৈতিক অধঃপতনের দিকে নিচ্ছেন। পরে তারা ভিডিও ধারণ এবং তরুণ-তরুণীদের টানাহেঁচড়া করেন এবং ফাস্টফুডের দোকানে ভাঙচুর চালান।
জৈন্তাবার্তা / সুলতানা




