ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

দুর্গাপূজা নির্বিঘ্নে আয়োজনে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি

ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ০৬:৫৮:১৭ অপরাহ্ন

ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ধর্মীয় উৎসব উদযাপনে সিটি করপোরেশন সব সম্প্রদায়ের পাশে রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে নগরজুড়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপের পরিচ্ছন্নতা, বর্জ্য অপসারণ, পানি ও বিদ্যুৎ ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় সব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে দক্ষিণ সুরমার মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে কুমারী পূজার প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, মহালক্ষ্মী মন্দিরে কুমারী পূজাকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে। এ কারণে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মন্দির ও আশপাশের এলাকার পরিচ্ছন্নতা এবং সার্বিক ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিনি বলেন, সিলেট সিটি করপোরেশন সব ধর্ম ও সম্প্রদায়ের প্রতিষ্ঠানকে সমান গুরুত্ব দিয়ে থাকে। ঈদুল আজহায় নগর পরিচ্ছন্ন রাখা ও বর্জ্য অপসারণে যেভাবে দ্রুততার সঙ্গে কাজ করা হয়েছে, তেমনি দুর্গাপূজার আগেও এবং পূজা চলাকালীন মন্দির ও পূজামণ্ডপগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পূজা শেষ হওয়ার পরও প্রয়োজন অনুযায়ী এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সিলেট নগরে ৮৫টি সর্বজনীন পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত পূজামণ্ডপগুলোতেও যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে সিটি করপোরেশন নজর রাখছে। পূজাসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে পাঁচ দিন নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বর্জ্য, পানি ও বিদ্যুৎ ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে বিশেষ প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

কোনো পূজামণ্ডপে সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে দ্রুত সিটি করপোরেশনকে জানানোর আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, সিসিকের হটলাইনসহ তাঁর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ রয়েছে। পূজা চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের একার নয়, এটি সবার উৎসব। ধর্ম, পরিচয় কিংবা জন্মের ভেদাভেদ না করে নগরবাসীকে সেবা দেওয়া সিটি করপোরেশনের দায়িত্ব। তাই দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সিসিক সর্বাত্মক সহযোগিতা করছে।

প্রশাসক জানান, পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, পরিচ্ছন্নতা ও অন্যান্য প্রয়োজনীয় কাজ করা হচ্ছে। তিনি বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি দেখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

পূজামণ্ডপের আয়োজক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, যেকোনো সমস্যা বা প্রয়োজন দেখা দিলে দ্রুত সিটি করপোরেশনকে অবহিত করতে হবে। পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন, সাধারণ সম্পাদক জনার্দ্ধন চক্রবর্তী মিন্টু, সহসভাপতি নারায়ণ চক্রবর্তী, চন্দন দাস ও মিন্টু দাস, কোষাধ্যক্ষ সঞ্জিত কর, উপদেষ্টা অধ্যাপক প্রতাপ চৌধুরী, দক্ষিণ সুরমা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নন্দন পাল, আন্তর্জাতিক সম্পাদক মনোজ তালুকদার, লাভলু দেব, নান্টু দাস, অহিভূষণ দেব, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুস সালাম, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গৌছ উদ্দিন পাপ্পু, শুভংকর দাস, নিরু দেব এবং সিসিকের সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দেবসহ আরও অনেকে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক
নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান
দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু