সংগৃহিত
সুনামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবদল নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অন্যতম আসামী তাজ উদ্দিনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা দেড়টার দিকে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী- সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার জামলাবাদ এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে মোঃ তাজ উদ্দিন (৩৮)।
জানা যায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিপিসি-৩, সুনামগঞ্জ ও র্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (১২ আগস্ট) বেলা দেড়টার দিকে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার মামলা নং- ১২/৯৫, তারিখ- ২১ জুন ২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবদল নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অন্যতম পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ থেকে র্যাব জানায়, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন জামলাবাজ গ্রামে বিবাদীদের সাথে ভিকটিম নজরুল ইসলাম এর প্রতিবেশীর সীমানা নিয়ে সংক্রান্ত বিরোধ ছিল। গত ১৫ জুন আনুমানিক সকাল ৭টায় ভিকটিম স্থানীয় নোয়াখালী বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় পৌছামাত্র বিবাদীগণ সুলফি, লোহার রড ও চাইনিজ কুড়াল নিয়ে ভিকটিমকে প্রানে মারার জন্য বুকে পিঠেসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে আশপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং মামলার অন্যতম আসামী তাজ উদ্দিনকে ঢাকা থেকে গ্রেফতার করে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’
জৈন্তাবার্তা / সুলতানা




