জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা

অহিদুল ইসলাম, কানাইঘাট

প্রকাশিত: ১৭/১১/২০২৬ ০৬:৫৪:১৬ অপরাহ্ন

জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা

সংগৃহীত


সিলেটে শেষ রাউন্ডের শেষ দিনের খেলায় রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। খুলনার সামনে সমীকরণটা ছিল এমন, শুধু হার এড়ালেই হতো। কিন্তু শেষ ম্যাচে বিজয়ী হয়েই রেকর্ড ৮ম শিরোপা জিতল তারা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে প্রাইজমানি ও সিল এবং ব্যক্তিগত অর্জনের জন্য পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট লিগের চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, বিসিবির কাউন্সিলর আশরাফ হোসেন আরমান, বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাওসার এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু।   

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর বিভাগের মুখোমুখি হয়েছিল খুলনা। প্রথম ইনিংসে রংপুর সংগ্রহ করে ৩৩৮ রান। জবাবে ৩২২ রানে অলআউট হয় খুলনা। দ্বিতীয় ইনিংসে রংপুর মঙ্গলবার ১৮৪ রানে গুটিয়ে যায়। পরে চতুর্থ ইনিংসে খুলনার লক্ষ্য দাঁড়ায় ২০২ রান।

জবাবে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় ও আজিজুল হাকিম তামিমের উদ্বোধনী জুটিতেই আসে ১২৩ রান। বিজয় ৬৮ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন। এরপর কালাম সিদ্দিকিকে নিয়ে জয় নিশ্চিত করেন তামিম। ১২৩ বলে ৭৮ রান করেন আজিজুল হাকিম তামিম। ৫৫ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন কালাম।  মাত্র ১ উইকেট হারিয়ে ৪০ ওভারে জয় তুলে নেয় খুলনা। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সফর আলী।

এর আগে প্রথম ইনিংসে খুলনার হয়ে সেঞ্চুরি হাঁকান নুরুল হাসান সোহান। সফর আলী খুলনার হয়ে প্রথম ইনিংসে পান ৪ উইকেট। খুলনার শিরোপা নিশ্চিত হওয়ায় রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সিলেট বিভাগকে।

জৈন্তাবার্তা/ সুলতানা