সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/১১/২০২৬ ০২:০৩:৪৮ অপরাহ্ন

সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু

ছবি : সংগৃহীত


সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে ২০১ জনের। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৩ জন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে হাম সন্দেহে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। তাদের একজন সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকার জাকিরের মেয়ে সাজেদা বেগম। তার বয়স মাত্র ৭ মাস। সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অপরজন মৌলভীবাজার সদর থানার প্রীতম বিশ্বাসের মেয়ে নিপা বিশ্বাস। সে রাগীব রাবেয়া মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার বয়স সাড়ে ৬ মাস।

এই দু’জনসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের। বাকিদের মৃত্যু হাম সন্দেহে।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায় ৯২ জনের। এ ছাড়া সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৭ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২০১ জনের হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চলতি বছর মোট শনাক্ত হয়েছেন ১৬২৮ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৪৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৬৩ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৭৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১৬৩ জন। তাদের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১০৩, হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪১, মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ৯ ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন মোট ৬১৬ জন। এর মধ্যে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৫১১ ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ১০৫ জন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: