কে-টু জয়ের অপেক্ষায় জগন্নাথপুরের আকি রহমান
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ PM

কে-টু জয়ের অপেক্ষায় জগন্নাথপুরের আকি রহমান

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ০১:৫২:১০ PM

কে-টু জয়ের অপেক্ষায় জগন্নাথপুরের আকি রহমান

ফাইল ছবি


ব্রিটিশ বাংলাদেশি পর্বতারোহী আখলাকুর রহমান ওরফে আকি রহমান দুইবার মাউন্ট এভারেস্ট জয় করার পর এবার নামলেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এবং সবচেয়ে বিপজ্জনক পর্বতশৃঙ্গ কে-টু জয়ের অভিযানে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে গত এক মাস ধরে তিনি আটকে আছেন কে-টুর বেস ক্যাম্পে।

আকি রহমান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সন্তান। তিনি জানান, কে-টু জয়ের উদ্দেশ্যে লন্ডন থেকে গত ২৮ জুন যাত্রা শুরু করেন তিনি। ১৬ জুলাই তিনি কে-টুর ক্যাম্প–১ এ পৌঁছান এবং সেখান থেকে ৫ হাজার ৩৫০ মিটার উচ্চতায় অ্যাডভান্সড বেস ক্যাম্পে ওঠানামা করেন। পরে মূল বেস ক্যাম্পে অবস্থান শুরু করেন।

তিনি বলেন, ‘ক্যাম্পে ওঠার দুই দিনের মাথায় তুষারপাত শুরু হয়। এতে একজন মেক্সিকান পর্বতারোহী গুরুতর আহত হন এবং পাকিস্তানের একজন গাইড নিহত হন। এখনো তুষারপাত চলছে, তাই গাইড আমাকে যাত্রা শুরু করতে দিচ্ছেন না। আবহাওয়া অনুকূলে এলে আমি অভিযান শুরু করব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন কোনো দুর্ঘটনা ছাড়াই কে-টু জয় করতে পারি।'

আকি রহমানের জন্ম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে। তাঁর বাবা প্রয়াত ইছকন্দর আলী ছিলেন যুক্তরাজ্য প্রবাসী। ব্রিটিশ বাংলাদেশি পর্বতারোহী আকি রহমান মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে যান। শৈশব কেটেছে ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। স্ত্রী হেনা রহমান ও পরিবারের কাছ থেকে উৎসাহ পেয়েই এভারেস্ট জয়ের পথে পা বাড়ান আকি। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক।

সাফল্যের ধারাবাহিকতা : ২০২০ সালে আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমানজারো (৫,৮৯৫ মিটার) জয় করে প্রথম সাফল্য পান আকি। এরপর ফ্রান্সের মন্ট ব্লাংক (৪,৮১০ মিটার), রাশিয়ার এলব্রুস (৫,৬৪২ মিটার), হিমালয়ের আমাদা ব্ল্যাম (৬,৮৫৬ মিটার) সহ একাধিক শৃঙ্গ জয় করেন।

২০২২ সালের ১৩ মে মাউন্ট এভারেস্ট জয় করে প্রথম ব্রিটিশ মুসলিম এভারেস্ট জয়ের কীর্তি গড়েন তিনি। ২০২৪ সালের ২২ মে দ্বিতীয়বারের মতো এভারেস্টের চূড়ায় ওঠেন।

এবার কে-টু জয় করলে এটি হবে তাঁর ১৪তম শৃঙ্গ অভিযান। সফল হলে আকি রহমান বিশ্বের ৫২তম ব্যক্তি এবং প্রথম ব্রিটিশ বাংলাদেশি মুসলিম হিসেবে ১৪টি শৃঙ্গ জয় করার গৌরব অর্জন করবেন।

দেশে থাকা তাঁর খালাতো ভাই সামীনুর রহমান বলেন, ‘আকি সুযোগ পেলেই জন্মভূমিতে আসেন এবং এলাকার মানুষের জন্য মানবিক কাজ করেন। আমরা সবাই তাঁর জন্য দোয়া চাই।'

জৈন্তা বার্তা/আরআর