সুনামগঞ্জ নেত্রকোনা উড়াল সড়ক প্রকল্প, পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ PM

সুনামগঞ্জ নেত্রকোনা উড়াল সড়ক প্রকল্প, পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ০৪:৫২:০৬ PM

সুনামগঞ্জ নেত্রকোনা উড়াল সড়ক প্রকল্প, পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। গতকাল দুপুরে জামালগঞ্জের সাচনা ও রামপুর গ্রামের মধ্যবর্তী এলাকা ঘুরে দেখেন তিনি। পরে তিনি তাহিরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।

এ সময় উপদেষ্টা বলেন, আমাদের সময়ে অনেক প্রকল্প কিন্তু কাটছাট হয়েছে। উড়াল সেতুর এই প্রকল্প কিন্তু বাদ যায়নি। টেন্ডারিংয়ের ক্ষেত্রে তারা কিছুটা ত্রুটি মনে করেছেন, সুতরাং তারা আবার রিটেন্ডার আহ্বান করবে। যেহেতু এই প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে সেহেতু টেন্ডার হলেই কাজ শুরু হয়ে যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, হাওরাঞ্চলে আবাসিক স্কুল হওয়ার ব্যাপারে শিক্ষকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাই এটা হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া উড়াল সেতু প্রকল্পে যাদের রেকর্ডীয় ভূমি পড়বে তাদের বেলায় প্রচলিত আইন অনুযায়ী হবে।এ সময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. কামরুল ইসলাম, উড়াল সেতু প্রকল্প পরিচালক গোলাম মাওলা, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল রায়, উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযূষ কান্তি মজুমদার প্রমুখ।উল্লেখ্য, ২০২১ সালে ২৩ নভেম্বর একনেকে ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ অনুমোদন লাভ করে। জামালগঞ্জ-ধর্মপাশা উপজেলাসহ সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এ উড়াল সেতু প্রকল্প হাতে নেওয়া হয়।

জৈন্তাবার্তা / সুলতানা