সুনামগঞ্জ থেকে আমেরিকার তৈরি একটি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী মাওলারপাড় ব্রিজ সংলগ্ন একটি বরই গাছের নিচ থেকে এই রিভলবার ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল মাওলারপাড় ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় তল্লাশি চালিয়ে বরই গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রিভলবারটির গায়ে মেইড ইন ইউএসএ লেখা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও অস্ত্র পাচাররোধে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে। এর ধারাবাহিকতায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




