ছবি: নিজস্ব
হবিগঞ্জের মাধবপুরে ইয়াবা ও গাঁজাসহ আলী আকবর (৬২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) রাতে পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আলী আকবর মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকার মৃত দেলোয়ার মিয়ার ছেলে।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহনূর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মাধবপুর এলাকায় আলী আকবরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ১০৯ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, আলী আকবর দীর্ঘদিন ধরে পশ্চিম মাধবপুর ও আশপাশের এলাকায় মাদক বিক্রির নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। কয়েকবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “আলী আকবর একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’–এর ৩৬(১) সারণির ১০(ক)/১৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
ওসি সহিদ উল্ল্যা আরও বলেন, “মাদক ব্যবসা নিয়ন্ত্রণে মাধবপুর থানার পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”
জৈন্তাবার্তা / মনোয়ার




