ছবি:সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে আশ্রয়কেন্দ্রে থাকা ৬০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার দীঘলবাক ইউনিয়নের গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য আকুল মিয়ার তত্ত্বাবধানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী বন্যার্তদের মধ্যে বিতরণ করে উপজেলা প্রশাসন।
প্রতি পরিবারের জন্য ১৪ দশমিক ৩৫ কেজি ওজনের খাদ্য প্যাকেটে চাল, ডাল, ভোজ্য তেল, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে খাবার স্যালাইন ও প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
গত দুই সপ্তাহের টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার দীঘলবাক ইউনিয়নের গালিমপুর, মাধবপুর, পশ্চিম মাধবপুরসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে বাধ্য হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আকুল মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য এম. মুজিবুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আফছর মিয়া, সমাজকর্মী মো. রুহেল মিয়া, মকবুল হোসেন এবং কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা চঞ্চল কুমার দেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকার ও সমাজের সবার দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
ত্রাণ বিতরণ শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও এর আগে গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মধ্যে ত্রাণ ও মানবিক সহায়তা বিতরণ করেছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




